সুন্দরবনে বনদস্যুদের থেকে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস তৌহীদ-এর নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবসা নদী-সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কয়েকজন জেলেকে জিম্মি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড।

অভিযানের সময় কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দস্যুদের একটি নৌকা তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। উদ্ধার জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালাচ্ছিল।

লে. ইকরা মোহাম্মদ নাসিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার প্রস্তুতি চলছে।

আরও