ফেনী-২

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন

অনশন চলাকালে তারিকুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

ফেনী-২ আসনে পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি কয়েকজন দলীয় কর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনশনে বসেন।

এতে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি প্রধান ফটকে আটকে গেলে তারা বিকল্প সড়কে কার্যালয়ে প্রবেশ করেন।

অনশন চলাকালে তারিকুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তিনি আরো অভিযোগ করেন, 'সদর এসিল্যান্ড জসিম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করছেন এবং নানাভাবে হুমকি দিচ্ছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফাভাবে সুযোগ দেয়া হচ্ছে।'

তারিকুল ইসলাম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ ঘণ্টার মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে প্রত্যাহার না করা হলে তিনি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেল শর্মা বলেন, অনশনরত অবস্থায় আমরা প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার কথা শুনেছি। অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়ার অনুরোধ করেছি। তার অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও