ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে উপস্থাপন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার। এ সময় তিনি নির্মাণাধীন হোস্টেল ভবনে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর ঢাকা মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে উপস্থাপন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার।

এ সময় তিনি নির্মাণাধীন হোস্টেলে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিবছর দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়।

এ বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্তি উদযাপন করছে এবং ৮১তম বছরে পদার্পণ করেছে।

আরও