ফেনীর দাগনভূঁইয়া বাজারে মোটরসাইকেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামের ব্র্যাকের এক নারী কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আতাতুর্ক স্কুলসংলগ্ন আমানিয়া বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়দা আক্তার সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের গোপাল গাঁও গ্রামের ডাক্তার বাড়ির কন্যা। তিনি ফেনী শহরের রামপুর এলাকার বাবুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ব্র্যাকের ঋণ কর্মকর্তা জোবায়দা আক্তার সহকর্মী মনিরুজ্জামানের (২৯) মোটরসাইকেলে করে অফিসের কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দাগনভূঁইয়া স্কুল মার্কেটের সামনে পৌঁছালে ফেনীমুখী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ডান পাশে চাপ দেয়। এ সময় কাভার্ডভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
ধাক্কায় মোটরসাইকেলচালক মনিরুজ্জামান ও আরোহী জোবায়দা আক্তার ছিটকে পড়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়দা আক্তারকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) কবির আহমেদ জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক সোহেলকে (৩৩) আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহত মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত জোবায়দা আক্তারের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।