দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে 'জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন ২০২২। দেশবরেণ্য বিজ্ঞানী গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের স্মরণে এটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে হবে এ সম্মেলন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ৭৫টি প্রতিষ্ঠানের ৫২৪ জন গবেষক অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনটি। দেশে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে এটি।
জাতীয় পর্যায়ের এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘কল্পনা ও উদ্ভাবনের পথে আগামী প্রজন্ম। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান কৃষি ও উদ্ভিদ, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান ও মানববিদ্যা এবং বাণিজ্য বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা অংশ নিবেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজ্ঞানী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বোর্ড মেম্বার গবেষক ড. সেঁজুতি সাহা। এছাড়াও স্পটলাইট স্পিকার হিসেবে থাকবেন বুয়েটের সাবেক অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত। জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতায় মূল বক্তৃতায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। তরুণদের বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধকরণ পর্বে মূল বক্তা থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুনির হাসান। গেস্ট অব অনার হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। আয়োজনের বিভিন্ন পর্বে থাকছে তরুণদের উল্লেখযোগ্য গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার পোস্টার প্রদর্শনী, বাংলায় অস্ট্রেলিয়ার বিখ্যাত থ্রি মিনিট থিসিস, জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতায়, ডকুমেন্টারি প্রদর্শনী, সম্মাননা ও পুরষ্কার প্রদান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগির এবং ড. জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ সিদ্দিকি ও নারগিস ইসলাম। সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করবেন আহ্বায়ক ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।
এতে বক্তব্য রাখবেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক এবং সম্মানের প্রধান নির্বাহী অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁইয়া।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রটি প্রতিষ্ঠা করেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। রিসার্চ সেন্টারের অধীনে ৫০ জন শিক্ষার্থী এমফিল ডিগ্রি লাভ করেছেন। এখন পর্যন্ত ৩৩ জন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।