সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় সরবরাহের সময় দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল সকালে জেলার কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জাইদুল ইসলাম ও তারেক মিয়া নামে দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।