বান্দরবানে পাহাড়ধসে শিশুসহ নিহত ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মিশনপাড়ায় পাহাড়ধসে মো. ইউনুছের একতলা পাকা বাড়ির পশ্চিম পাশের দেয়াল ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পৃথক স্থানে পাহাড়ধসে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তার আহত হয়েছেন। আজ ভোরে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। সকালে ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়নি বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা মো. ইউনুছ (৩০), তার স্ত্রী রানু আক্তার (২৭), তাদের ছেলে মো. সুলেমান ওরফে তাসিন (৪) এবং বেড়াতে আসা দম্পতি মো. জুয়েল ও তার স্ত্রী কুলসুমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৩টার দিকে মিশনপাড়ায় পাহাড়ধসে মো. ইউনুছের একতলা পাকা বাড়ির পশ্চিম পাশের দেয়াল ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

এক ঘণ্টা পর ভোর সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তার (৪২) মাটিচাপা পড়েন। তার মাথা ছাড়া শরীরের বাকি অংশ মাটির নিচে চাপা ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আজিজনগর-ছিয়াত্তলি-গজালিয়া সড়কের কাটা পাহাড় এলাকায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন বলেন, নিহতরা সবাই ইউনিয়নের বাসিন্দা। আহত মহিলা ইউপি সদস্য এখন চিকিৎসা নিচ্ছেন। সকাল ৬টার দিকে চুনতি ইউনিয়নের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। কাটা পাহাড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। স্বজনদের অভিযোগ না থাকলে সুরতহাল শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে অভিযোগ থাকুক বা না থাকুক, আইন অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও