প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের এ সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ যোগ দেন এবং ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ সৃষ্টি; অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ইনোভেটিং অ্যাট স্কেল বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। সম্মেলনে সভাপতিত্ব করছেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন তারেক রহমান।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।