বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান। আগে শুধু বগুড়ার কাজ দেখতাম। এখন সারা দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, তাই সারা দেশের কাজ দেখতে হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ বগুড়া পৌরসভার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো। কিন্তু নিজের শহর নিজেকেই পরিষ্কার রাখতে হবে। স্টেশন সড়কে দেখলাম, দুপাশেই ময়লা। প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে, তবে নিজের ঘর নিজেকেই পরিষ্কার রাখতে হবে। যাঁরা সিটি করপোরেশনে বসবাস করবেন, তাঁদের নিজেদের যত্ন নিজেকেই নিতে হবে। বগুড়াকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে গেলে সরকার একা পারবে না। শহরের মানুষ যদি চেষ্টা না করে, সবাই একসঙ্গে কাজ না করলে সরকারের পক্ষে মডেল শহর গড়া সম্ভব নয়।’

সোমবার দুপুর ১২টায় বগুড়া পৌরসভা ভবনে তিনি সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া পৌরসভার প্রশাসক রাজিয়া সুলতানা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারেক রহমান বলেন, ‘আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান। আগে শুধু বগুড়ার কাজ দেখতাম। এখন সারা দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, তাই সারা দেশের কাজ দেখতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, বগুড়ার মানুষের মতো সারা দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি।’

বগুড়ায় আজ দিনব্যাপী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন।

বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইল বন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যান। বিকাল চারটায় বগুড়া শহরে ফিরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে সন্ধ্যায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন।

আরও