‘কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন’
উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী
শস্য উৎসব। এ উৎসব বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। বাঙালির
জনজীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।
আজ বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা
একাডেমির মুক্তমঞ্চে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ আয়োজিত ‘জাতীয় নবান্নোৎসব ১৪২৯’
এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে পুলি পিঠা বানানোর স্মৃতিচারণ করেন
প্রধান অতিথি কে এম খালিদ। তিনি বলেন, আমি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি। আমাদের
একান্নবর্তী পরিবারে ঢেঁকি ছিল। ছোটবেলায় ঢেঁকিতে ধান ভানা, চাল ও চালের গুঁড়া তৈরির
সেই স্মৃতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি
কাজী মদিনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহসভাপতি সঙ্গীতা ইমাম।