বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করছিলেন দীপ্ত চৌধুরী (২৩) নামের এক কলেজ শিক্ষার্থী। একপর্যায়ে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোনার পৌর শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকায় বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা দেখতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দীপ্ত চৌধুরী বাসা থেকে বের হন। পরে তিনি বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন।
আর্জেন্টিনার জয়ে রাত সাড়ে তিনটার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন দীপ্ত। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীপ্তর মামা সুব্রত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ছবি, ভিডিও ধারণ করতে দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় উঠে। ভিডিও ধারণ করার সময় পাশেই থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।