৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রি ভ্যাটমুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রি ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

সব পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রি ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ সংগঠনটির পক্ষে এ দাবির কথা জানান।

নাজমুল হাসান মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ৩০ লাখ টাকার বেশি বিক্রিকে ভ্যাটের আওতা এনেছে। আমরা দাবি জানাচ্ছি, ৫০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটমুক্ত রাখার পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, শপিং মলসহ সব দোকানের ক্ষেত্রে এটি কার্যকর করার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জিডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা ৭০ লাখ দোকান ব্যবসায়ী প্রায় ২ কোটি লোকের কর্মসংস্থান করছেন। আমরা ভ্যাট দেয়ার বিরুদ্ধে নই। তবে বর্তমানে আমাদের টিকে থাকাই যেখানে কষ্টসাধ্য সেখানে ভ্যাট বৃদ্ধি পেলে দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে।’

নাজমুল হাসান মাহমুদ আরো বলেন, ‘ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা সুদের বৃদ্ধি নিয়ে ঋণ পরিশোধে সমস্যায় পড়ছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সুদ মওকুফ এবং ১ শতাংশ ডাউন পেমেন্টে ১৫ বছরের কিস্তিতে ঋণ পরিশোধের প্রজ্ঞাপন জারি করার দাবিও জানাই।’

আরও