রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
আজ শনিবার বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন।
পরবর্তীতে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার মধ্যে লেফট-সাইডেড হেমিপ্যারেসিস জনিত উপসর্গ দেখা দেয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে দ্রুত হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।
বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের স্বাস্থ্য ও জীবনরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। দুর্গম এলাকায় কোনো সদস্য অসুস্থ বা আহত হলে দ্রুততম সময়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে এয়ার ইভাকুয়েশনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়।