সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশীদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে এ দেশের সরকার।
শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন। সেখানে চলমান ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি এ দ্বিপক্ষীয় বৈঠক হয়।
বৈঠকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা সহজতর করার আশ্বাস দেন।
এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধি। পাশাপাশি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
শুক্রবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন। তিনি রোহিঙ্গা সংকটের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার প্রভাব বিবেচনা করে এই সংকটের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান সদস্যদের বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানান।
বিভিন্ন বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।