গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানকে ভুইয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বিচারক তাকে ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদেও বিষয়টি নিশ্চিত করেছেন। ভাউচারের মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আদালত এই রায় দিলেন বলে জানান তিনি।
দুদক আইনজীবী বলেন, রায় ঘোষণার সময় এমএ মান্নান আদালতে উপস্থিত ছিলেন। আপিলের শর্তে তিনি জামিন আবেদন করলে বিচারক তা (জামিন) মঞ্জুর করেন। একই মামলায় গোলাম কিবরিয়া নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৯৯টি ভুয়া ভাউচারে অনুদান ও ব্যয় দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাত করেন এমএ মান্নান। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শামসুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় এই মামলাটি দায়ের করেন।