কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি
হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি),
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরীতে এ বিক্ষোভ
মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪টি শাটল ট্রেনে চড়ে ১৬ কিলোমিটার দূরে ষোলশহর রেলস্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ২ নম্বর গেটে যান। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে
শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে
আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন অবিলম্বে আমাদের দাবি মেনে নেয়।