দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ফায়ার ফাইটারের মৃত্যু

একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতিকালে টার্ন আউটের গাড়ি বের হওয়ার জন্য রাস্তায় একটি ট্রাককে থামান তিনি। কিছুক্ষণের মধ্যেই বেপরোয়া গতির একটি বাস পিছন দিক থেকে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়েন সেন্ট্রি মো. আহসান হাবীব।

দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আহসান হাবীব। শনিবার রাত সোয়া ২টার দিকে শেরপুর ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত রাত ২টা ৫ মিনিটে শেরপুর ফায়ার স্টেশনে একটি দুর্ঘটনার সংবাদ আসে। সংবাদ পেয়ে সেন্ট্রির দায়িত্বে থাকা আহসান হাবীব ফায়ার ঘণ্টা বাজান। এরপর একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতিকালে টার্ন আউটের গাড়ি বের হওয়ার জন্য রাস্তায় একটি ট্রাককে থামান তিনি। কিছুক্ষণের মধ্যেই বেপরোয়া গতির একটি বাস পিছন দিক থেকে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়েন সেন্ট্রি মো. আহসান হাবীব।

গুরুতর আহত অবস্থায় তাকে ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরো জানা গেছে, আহসান হাবীব ২০০৫ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন। ২০২৩ সাল থেকে তিনি শেরপুর ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার রেখে গেছেন।

তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও