ভোটের দিন রাঙ্গামাটির দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রয়োজনে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে দায়িত্ব পালন করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালয়ন (র্যাব)। শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে এ প্রস্তুতি নেয়া হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান।
তিনি বলেন, অন্য এলাকার মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে র্যাব সক্রিয়ভাবে কাজ করবে। যেসব এলাকায় সরাসরি পৌঁছানো সম্ভব হবে, সেখানে র্যাব সদস্যরা উপস্থিত থাকবে। আর দুর্গম এলাকায় প্রয়োজন হলে হেলিকপ্টার ব্যবহার করে দায়িত্ব পালন করা হবে।
তিনি আরো বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও র্যাব সদস্যরা মাঠে কাজ করছেন। একই সঙ্গে সার্বক্ষণিক পেট্রোল টিম দায়িত্ব পালন করছে, যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।
র্যাবের এ কর্মকর্তা জানান, কোনো এলাকায় ভোটাররা নিরাপত্তাজনিত সমস্যায় পড়লে বা ভোট দিতে বাধাগ্রস্ত হলে র্যাব সহায়তার চেষ্টা করবে। ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী আচরণবিধি মেনে র্যাব তাদের দায়িত্ব পালন করবে।