রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের মাচালং এলাকার চাইল্যাতলীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সঞ্জিতা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংঘাতের মধ্যে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।