ফরিদপুরে ডিমবাহী ট্রাক উল্টে সড়কে, বাসচাপায় নিহত ৫

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনার উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা সড়কটি অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমবাহী ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পড়ে যায়। ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়ে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা ডিম কুড়াতে এগিয়ে আসেন। তখন ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। তাদের চাকায় পিষে বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন, আহত হন অন্তত সাতজন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা মহাসড়কে অবস্থান নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শুভ চক্রবর্তী জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে চলে হতাহতের ঘটনা ঘটে। বাসটি দ্রুতগতিতে চলে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকচালক রয়েছেন। এছাড়া নিহত অন্য চারজন হলেন সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। নিহত অন্যজনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। জানা গেছে, ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশপাশ এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আহত ছয়জনকে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

আরও