পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেয়া হচ্ছে কি না- সেটা স্পস্ট নয়।
আজ বুধবার বিকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
এ সময় উপদেষ্টা বলেন, এটা একেবারেই তাদের (ভারত) নিজস্ব ব্যাপার। তারা যে কোনো সময় তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন। কিন্তু কেন বলেছেন, আমি তার কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যে তাদের কর্মকর্তারা, তাদের পরিবার-পরিজন অনেক বিপদে আছে। তেমন কোনো ঘটনা তো এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেনি।
তিনি আরো বলেন, তাদের মনে আশঙ্কা হয়তো আছে, অথবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে এটা করছেন। তবে আমি আসলে সঠিক কোনো মেসেজ (কারণ) খুঁজে পাচ্ছি না। তারা যদি পরিবার-পরিজন ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন। কিন্তু আমরা মনে করি, এখন পর্যন্ত দেশে নিরাপত্তা বিঘ্ন ঘটেনি।
তৌহিদ হোসেন বলেন, অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় এখন সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না এমন কোনো নিরাপত্তা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।
নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা কোনো নিরাপত্তা উদ্বেগের কথা আমাদের জানায়নি।