নভেল করোনাভাইরাসের বিস্তাররোধে রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সিরাজগঞ্জের বেলকুচিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ-সমাবেশ করে যুবলীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে গত শুক্রবার কমিটি বিলুপ্ত করা হয়।
গ্রামীণ সালিশ বৈঠকে পারিপার্শ্বিক মতানৈক্য নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরকারসহ কয়েকজন নেতাকর্মী বেলকুচিতে সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন। লতিফ বিশ্বাস ও তার ছেলেসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে দ্রুতবিচার আইনে থানায় মামলাও করেন। এরপর লতিফ বিশ্বাসের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। এর পরই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার সমাবেশ আয়োজনের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সুপার কার্যালয় থেকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে শুক্রবার রাতে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।