'চাকরি ফেরত না দিলে বাড়ি ফিরব না'

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন তারা। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) সকালে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। বিক্ষোভে আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন তারা। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

অবরোধ ও অনশনে অংশ নেয়া চাকরিচ্যুত শিক্ষক কায়সার উদ্দিন বলেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাইনি। তাই শেষ উপায় হিসেবে আমরা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। এবার হয় চাকরি ফেরত দিতে হবে, না হলে বাড়ি ফেরত যাব না।

এ বিষয়ে জানতে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে, অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিক।

আরও