ঢাকা বিশ্ববিদ্যালয়

দায়িত্ব নিলেন আবদুস সালাম, ফুলেল শুভেচ্ছা থেকে বিরত থাকার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি ও অন্য কোনো ধরনের উপহার দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী গত ১৩ এপ্রিল অধ্যাপক ড. আবদুস সালামকে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ দেয়া হয়। বুধবার সকালে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী একটি বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন উপাচার্য। এরপর নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি।

উপাচার্য আরো বলেন, “রাইট পারসনকে রাইট পজিশনে” নিয়োগ দিতে না পারলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বিগত বছরগুলোতে ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠনমূলক সমালোচনার আহ্বান জানাই।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদে একজন দক্ষ, যোগ্য ও একাডেমিকভাবে সমৃদ্ধ ব্যক্তিত্বের প্রয়োজন ছিল এবং অধ্যাপক ড. আবদুস সালামের নিয়োগ সেই প্রত্যাশা পূরণ করেছে। তার নেতৃত্বে শিক্ষা ও গবেষণায় নতুন গতি আসবে।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. আবদুস সালাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা ও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে এ অবস্থানে আসতে পেরে তিনি গর্বিত। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করছি।

তিনি বলেন, আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরো এগিয়ে যাবে।

দায়িত্ব নেয়ার পরপরই নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সবার প্রতি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার না দেয়ার অনুরোধ জানান।

আরও