দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কিশোরগঞ্জে। এতে হাওড়সহ জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান সংগ্রহে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন ধরে জেলাজুড়ে বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টি
পড়ছে। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো আবার ভারি বর্ষণ হচ্ছে। দিনের অধিকাংশ সময় আকাশে মেঘের আনাগোনা থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে রোদের দেখা মিলছে না। এতে জেলার হাওড়াঞ্চলে ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কৃষকরা জানান, যে ধান কাটা হচ্ছে তা প্রতিকূল আবহাওয়ার কারণে গোলায় তুলতে হিমশিম খেতে হচ্ছে। কারণ বৃষ্টির জন্য হাওড় থেকে ধান কেটে বাড়ি পর্যন্ত সময় এবং পরিশ্রম বেশি লাগছে। তাছাড়া ধান নিয়ম অনুযায়ী রোদে শুকিয়ে গোলায় তুলতে
হয়। তাই প্রয়োজন অনুযায়ী রোদ না থাকায় ধান মজুদ করা যাচ্ছে না।
ইটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার বলেন, এ বছর আগাম বন্যার সম্ভাবনা থাকায় আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এখানে প্রয়োজনীয়সংখ্যক ধান কাটার যন্ত্র ও শ্রমিক রয়েছে। সেভাবে ধান কাটাও হচ্ছে। এখন পর্যন্ত নিচু জমির প্রায় ৯০ শতাংশের বেশি ধান কাটা হয়ে গেছে। আর উঁচু জমির ধান কাটা হয়েছে প্রায় ৫০ শতাংশের মতো। বাকি ধান কাটতে আরেকটু সময় লাগবে। কারণ এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাছাড়া জমিতে থাকা সব ধান এখনো ঠিকভাবে না পাকায় তা কাটা সম্ভব হচ্ছে না।