সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে গতকাল (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।
সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।
দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর উপর আলোকপাত করে কনসাল জেনারেল একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমিরাতে বসবাসরত প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এছাড়াও, তিনি সরকারি ও কনস্যুলার সেবা সহজীকরণের জন্য কনস্যুলেট-এর অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন।
এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কনস্যুলেট আয়োজিত একটি সাংস্কৃতিক পরিবেশনায় কনস্যুলেট পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীগণ সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ও মিডিয়াকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন।