একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। এছাড়া ছিল এনসিপিসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
এর আগে রাত ১২টার পরপরই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলের হুইপ নাহিদ ইসলামসহ জোটের অন্যান্য নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন। শহীদ মিনারে শ্রদ্ধা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থান জিয়ারত করতে চান জামায়াত আমির।
শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। ১৯৪৭ থেকে ৭১, ২৪ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, হাত তুলে দোয়া করেছি। শহীদের রেখে যাওয়া ঋণ যেন পূরণ করতে পারি এবং জনগণের স্বার্থে যেন কাজ করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদসহ অন্যান্যদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।