উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

কর্মবিরতিতে হাবিপ্রবির ১৭ প্রশাসনিক কর্মকর্তা

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ১৭ প্রশাসনিক কর্মকর্তা।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ১৭ প্রশাসনিক কর্মকর্তা। গতকাল সকাল থেকে হাবিপ্রবির সব ধরনের প্রশাসনিক কাজে যোগদান করা থেকে বিরত রয়েছেন তারা।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে হাবিপ্রবির উপাচার্যের অসহযোগিতায় একাডেমিক ও প্রশাসনিক কাজে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জড়িত ১৭ কর্মকর্তা তাদের দায়িত্ব পালনে বিরত থাকার সিদ্ধান্ত নেন।

হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক বলেন, আমরা গতকাল সকাল থেকে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছি। যত দিন ভিসি স্যার আমাদের সঙ্গে দেখা করে কথা না বলবেন, তত দিন আমরা প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকব।

তিনি আরো জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সব সময়ই উপাচার্যকে সহযোগিতা করে আসছি। কিন্তু তিনি সাত মাস ধরে তার কার্যালয়ে আসেন না এবং অফিস করেন না। এমনকি আমরা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছি, তারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজে তার বাসভবনে গেলেও তিনি আমাদের সঙ্গে দেখা করেন না। আমরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে সবশেষ গত মঙ্গলবার বেলা ২টায় উপাচার্যের বাসভবনে আমরা দেখা করতে গেলে আধা ঘণ্টা অপেক্ষা করেও দেখা করা সম্ভব হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাধ্য হয়েই মিটিং করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু আবুল কাশেম জানান, আমার বয়স হয়েছে, বর্তমানে আমি অসুস্থ। তাই আমি কারো সঙ্গে দেখা করছি না।

আরও