সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সরকারি ছুটি ব্যাতীত কাস্টমস অফিস খোলা থাকবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এ সময় বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে যাবে না। ৪ অক্টোবর (শনিবার) থেকে আবার স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক এসএম হায়দার জানান, ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রাখলেও বন্দরে মজুত থাকা পণ্য খালাস নেয়া যাবে। সরকারি ছুটির দিন বাদে বন্দরের অন্য কার্যক্রম চালু থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, শুধু আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।