রাস্তার অভাবে গোপালগঞ্জে দুর্ভোগে ২৫০ পরিবার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী মধ্যপাড়া গ্রামে ২৫০টি পরিবারের বাস। কিন্তু চলাচলের জন্য নেই কোনো রাস্তা।

ফলে কৃষিপণ্য বাজারজাত, অসুস্থ রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে দেখা যায়, কুশলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মূল রাস্তাটি দক্ষিণ চৌরখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এরপর থেকে মধ্যপাড়া গ্রামটি কার্যত বিচ্ছিন্ন। বর্ষাকালে এলাকাটি কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী নারীদের হাসপাতালে নেয়াও দুরূহ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর এ গ্রাম থেকে প্রায় ১০ কোটি টাকার কৃষিপণ্য উৎপাদন হচ্ছে। কিন্তু সড়ক যোগাযোগ না থাকায় উৎপাদিত পণ্য কৃষকদের মাথায় করে বহন করতে হয়। রাস্তা না থাকার সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা স্বল্প দামে পণ্য কিনে নিচ্ছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষীরা।

রাস্তা নির্মাণে জমি নিয়ে কোনো জটিলতা নেই। স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা, আতাউল্লাহ ও আলম শেখসহ একাধিক ব্যক্তি নিজ উদ্যোগে জমি দিতে প্রস্তুত।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, জমি নিয়ে জটিলতা না থাকলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

আরও