সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন: ইসি সানাউল্লাহ

এসময় নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই শুভসকাল। নবযাত্রায় স্বাগতম সবাইকে। এর জন্য নির্মোহভাবে আমরা আইন প্রনয়ণ করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের আশঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্ত ভিত্তি পেয়েছে। এ সময় নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছেন নির্বাচন কমিশনার । শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে দেয়া সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সানাউল্লাহ

নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই শুভসকাল। নবযাত্রায় স্বাগতম সবাইকে। এর জন্য নির্মোহভাবে আমরা আইন প্রনয়ণ করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছি।

দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনকে শুধু সাংবিধানিক দায়িত্ব নয়, বরং ‘পবিত্র আমানত’ হিসেবে গ্রহণ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, জাতির মান-সম্মান, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে এ নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত ছিল। দেশবাসী উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীতের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন।

প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ভবিষ্যতে আরো উন্নত ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করে।

সমাপনী বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা কার্যক্রমের ইতি টানেন। বিস্তারিত পরিসংখ্যান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পৃথকভাবে গণমাধ্যমকে সরবরাহ করবেন বলে জানানো হয়।

আরও