মিয়ানমারে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশে রওনা হয়।

ভয়াবহ ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মিয়ানমার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। মানবিক বিপর্যয়ের সম্মুখীন দেশটির নাগরিকরা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ঔষধ, তাবু, শুকনো খাবার এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে সেনাবাহিনী।

রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশে রওনা হয়। এ সময় সেখানে ছিলেন তিন বাহিনীর প্রধানরা। তারা জরুরি সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

গত শুক্রবার মায়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশেই ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়। বিশেষ করে, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য ও পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাব ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতেই তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।

সেনাবাহিনী জানায়, মিয়ানমারে উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সেবা দিতে সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। মিয়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরে এ উদ্ধারকারী এবং মেডিকেল দলগুলো পাঠানো হবে।

আরও