ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক থেকে শিক্ষার্থীবান্ধব ও একাডেমিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের উচিত, তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজাবে অথবা কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায়, সেই রূপরেখা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা। কিন্তু যারা ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি করছে, সেই আগের ধারায়ই রাজনীতি করবে, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।
একজন শিক্ষার্থীরা অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় জানিয়ে সাদিক বলেন, আবাসন সংকট, ক্লাসরুম সংকট, শিক্ষার যথাযথ পরিবেশ ও কো-কারিকুলাম অ্যাক্টিভিটি না থাকায় শিক্ষার্থীদের সেই স্বপ্ন ভেঙে যায়। অপরাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের রাজনীতির মানসিকতা নষ্ট করে দেয়া হয়। শিক্ষার্থীরা যদি আমাদের নির্বাচিত করে, তাহলে আমরা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করব।
ঢাবি শিবিরের সাবেক এই সভাপতি বলেন, আমরা নির্বাচিত হলে শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থার করার মাধ্যমে শিক্ষাকে উন্নয়নের চেষ্টা করব। লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করব।
এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মিডিয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাঁধা না রাখা, ভোটদানের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজনে বাইরে থেকে আগেই নিয়ে আসতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান জিএস প্রার্থী এস এম ফরহাদ।