ভবিষ্যৎ তরুণদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স। গতকাল ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর মল্লিকবাড়ীর হেইলিবারি ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী এ কনফারেন্স আয়োজন করা হয়েছে।
হেইলিবারি ভালুকা এবং এমআইটির যৌথ উদ্যোগে এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে স্টুডেন্ট কনফারেন্স বড় ভূমিকা রাখবে।’
হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি বলেন, ‘কনফারেন্স শিক্ষার্থীদের নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে এমআইটির ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটরা আসছেন হেইলিবারি ক্যাম্পাসে। তারা যে বাংলাদেশে এ ধরনের একটি আন্তর্জাতিক কনফারেন্স করতে আগ্রহ দেখিয়েছেন, এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এজারটন সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ কনফারেন্স চলবে ১৫ জুন পর্যন্ত। কনফারেন্সের শেষ দিনে অংশগ্রহণকারীদের এমআইটির এজগারটন সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হবে।