করোনায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সহযোগী অধ্যাপক ডা. এম এ হান্নান মারা গেছেন। গতকাল শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ মার্চ রামেক হাসপাতালে ভর্তি হন ডা. এম এ হান্নান। এরপর ২৪ মার্চ নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। খুব দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
২৬ মার্চ থেকে পুরোপুরি লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই শনিবার (২৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ দাফন করা হয়।