বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেজোয়ানউল ইসলাম রিদু (৩৮)সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ শনিবার সদর উপজেলার বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের কুলিয়া দাইড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, যাগ্রাপুর বাজার থেকে ফেরার পথে রিদুর মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে যান। ট্রাকটিও রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপার রিদুকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাট জেলা ক্রিকেট দলের কোচ শংকর পাল এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহত রেজোয়ানউল ইসলাম রিদু বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজোয়ানউল ইসলাম রিদু। পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাব, বাগেরহাট ক্রিকের্টার্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিয়েছেন। উন্মোচন ক্লাব এবং ঢাকার পারটেক্স ক্লাবের ক্রিকেট লিগও খেলেছেন তিনি।
খেলা থেকে অবসরের পর বাগেরহাট শহরের দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা করতেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।