বাড্ডায় দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে বাড্ডা লিংক রোড এলাকায় রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়েন আবুল কাশেম। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আবুল কাশেম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের সন্তান। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে এবং এক চালককে আটক করা হয়েছে।

আরও