হিমালয়ের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠে নতুন ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোরে তিনি এ শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
আজ ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাউন্ট মাকালুর চূড়ায় পৌঁছান বাবর আলী। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করার কৃতিত্ব অর্জন করেন।
এ আরোহণ ছিল অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। টানা প্রায় সাড়ে ৮ঘণ্টার প্রচেষ্টার পর তিনি চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এ সময় তার সঙ্গে ছিলেন শেরপা আং কামি। বর্তমানে তিনি চূড়া থেকে নিচে নামার পথে রয়েছেন।
পর্বতারোহণে চূড়ায় ওঠার পাশাপাশি নিরাপদে নিচে নামাও সমান ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। তাই তার সহযাত্রীরা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
পিরামিড আকৃতির মাউন্ট মাকালু নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত। পর্বতারোহীদের কাছে এটি গ্রেট ব্ল্যাক ওয়ান নামে পরিচিত। আশপাশে বড় কোনো পাহাড় না থাকায় এখানে প্রবল বাতাসে বরফ সরে গিয়ে কালো পাথর দেখা যায়। এ বৈশিষ্ট্যের কারণেই এ নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। নিজের এ অভিযানের নাম তিনি দিয়েছিলেন এক্সপেডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার।
চলতি বছরের ৭ এপ্রিল এ অভিযানের প্রস্তুতির জন্য তিনি নেপালে যান। এর আগে, তিনি ২০২২ সালে আমা দাবালাম জয় করেন। ২০২৪ সালে একই যাত্রায় মাউন্ট এভারেস্ট ও লোৎসে আরোহণ করেন। ২০২৫ সালে অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছরের শেষ দিকে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু শৃঙ্গেও আরোহণ করেন।