দীর্ঘ ১৯ বছর পর ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
দলীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থান জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন। তবে সম্মেলনকে ঘিরে ফেসবুকেও চলছে প্রচার-প্রচারণা।
সর্বশেষ ২০০৩ সালে দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল সভাপতি ও আলী আহসান খোকন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারাই দায়িত্ব পালন করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সম্মেলনের বিষয়ে বলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে উপজেলার আটটি ইউনিয়ন, সব ওয়ার্ড ও একটি পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি, মির্জা আজম এমপিসহ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক নেতা বিভিন্ন মহলে তদবির করছেন বলে জানা গিয়েছে।
দোহার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সব দলের লোকই আওয়ামী লীগে ভিড় জমাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ার দাবি জানান তারা।