পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার চূড়ান্ত সময়ের প্রভাব পড়েছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। এ সময়ে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

এর আগে ২০২২ সালের ২৬ জুন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ১৬ হাজার ৫০২টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা। আর বাকি সবই মাওয়া প্রান্ত থেকে। এ প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন। এতে মাওয়ায় টোল প্লাজায় টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।

বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহাম্মেদুল হক। তিনি জানান, পদ্মা সেতুর প্রায় ১৫ কিলোমিটার অংশে এবার ১৩৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে যানবাহনের গতি ও সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার খবর না থাকাটা সবচেয়ে আশাব্যঞ্জক তথ্য। এছাড়া ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নভাবে বাড়ি ফেরার ক্ষেত্রে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর দায়িত্বে থাকা যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ।

আরও