ফেনীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ২

নিহত আহসানুল ইসলাম (১৫) চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। অপর নিহত মীর হোসেন (৪৫) ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে।

দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফেনীতে ট্রাকের এক হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্পসংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।

নিহত আহসানুল ইসলাম (১৫) চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। অপর নিহত মীর হোসেন (৪৫) ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. সুমন (৪৫)। তিনি মো. মোস্তফার ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। স্টার লাইন পাম্পসংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

একই সময় ট্রাকটি একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম, পথচারী মীর হোসেন ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানিয়েছেন, নিহত দুজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরও