আলোচনা সভায় রেহমান সোবহান

২০-৩০ বছর ধরে একই সমস্যা কেন বিদ্যমান সে বিষয়ে পর্যবেক্ষণ প্রয়োজন

১৯৯০ সাল থেকে দেশের অর্থনীতি ও শাসন ব্যবস্থায় যে সমস্যাগুলো শনাক্ত হয়ে আসছে সেগুলো এখনো কেন বিদ্যমান আছে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছেন সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

১৯৯০ সাল থেকে দেশের অর্থনীতি ও শাসন ব্যবস্থায় যে সমস্যাগুলো শনাক্ত হয়ে আসছে সেগুলো এখনো কেন বিদ্যমান আছে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছেন সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও ইউএনডিপির দারিদ্র্য দূরীকরণ বিভাগের সাবেক পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সেলিম জাহানের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। অমর একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনী ড. সেলিম জাহানের ‘বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ’ এবং মাওলা ব্রাদার্স ‘Bangladesh: Contemporary Development Issues’ গ্রন্থদ্বয় প্রকাশ করেছে।

রেহমান সোবহান বলেন, ‘এখন যে বিষয়গুলো আলোচনায় আসছে এ বিষয়গুলোর সঙ্গে আমরা ২০-৩০ বছর ধরেই পরিচিত। অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্স প্রতিবেদনে ১৯৯১ সালের ২৯ খণ্ডের টাস্কফোর্স প্রতিবেদনের অনেক বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে। কেন বিষয়গুলো এতদিন ধরে বিদ্যমান আছে, কেন আমরা মূলত এ সমস্যাগুলো থেকে বের হতে পারছি না সেটিই মূল বিষয়।’

গ্রন্থ উপস্থাপনায় ড. সেলিম জাহান বলেন, ‘বই দুটি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে নয় বরং সাধারণ মানুষের কথা চিন্তা করে লেখা হয়েছে। সাধারণ মানুষ তার যাপিত জীবনে অর্থনীতি নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হয় সেসব প্রশ্নের উত্তর দেয়া এবং ধারণা দেয়াই বই দুটির মুখ্য উদ্দেশ্য। বই দুটিতে দারিদ্র্য, অসমতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, দায়বদ্ধতা, জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তনসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।’

সিপিডির ফেলো রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, ‘দেশের অর্থনীতির প্রসঙ্গে শুধু সমস্যা নিয়ে নয়, সমাধানের উপায় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। যেমন বারবারই বলা হয় আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো ভেঙে গেছে। পৃথিবীর আর কোনো দেশ একই অবস্থার মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়িয়েছে কিনা এবং ঘুরে দাঁড়ালে তারা কোন উপায়ে ঘুরে দাঁড়িয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন।’

বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা ও সিটি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সভাপতির বক্তব্যে মাহফুজ আনাম বলেন, ‘১৯৯১ সালে অধ্যাপক রেহমান সোবহানের উদ্যোগে যে টাস্কফোর্স গঠন হয়েছিল তারা ২৯ খণ্ডের প্রতিবেদন তৈরি করেছিল। এ প্রতিবেদনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা কাজ করেছিলেন এবং আমাদের দেশের প্রতিটি সমস্যা উঠে এসছিল ও গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। কিন্তু কোনো সরকারই সেসব সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেয়নি।’

আরও