সারা দেশে উচ্চগতির ফোরজি ও থ্রিজি পরিষেবা বন্ধ হওয়ায় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ খবর পাওয়া গেছে। কারিগরি ত্রুটির কারণে এ পরিষেবা ব্যাহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে রাজধানীসহ সারা দেশে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ফলে মোবাইলে ইন্টারনেট করতে পারছেন না সাধারণ মানুষ।
ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে, গ্রাহকদের বেশি সময় এ সমস্যার সম্মুখীন হতে হবে না বলেও জানান তিনি।
গ্রামীণ ফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বণিক বার্তাকে বলেন, ‘অনিবার্য কারণবশত ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এ অসুবিধার জন্য আমরা দুঃখিত।’