ছুটির দিনেও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ সকাল ৯টার দিকে ১৫৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে গেল দুদিন ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ঝরলেও তাতে বাতাসের মানের তেমন উন্নতি হয়নি। আজ শুক্রবার (২৩ মে) সকাল ৯টার দিকে ১৫৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা।

বায়ুমান সূচক অনুসারে, বাতাসের এই মান বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৫৩ ও ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোর। আর ১৪২ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও