গতকাল উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এরিক সোলহেইমের সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়ার কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার ও টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাভিন কুমার কান্দাসামি।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট বাজারের উন্নয়ন, সবুজ বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশে জলবায়ু সহনশীল উন্নয়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে এসব খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করার আগ্রহও প্রকাশ করেন।