কুষ্টিয়ার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে কুষ্টিয়া ট্রান্সপোর্ট
ওনার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিটি অ্যাসোসিয়েশন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে তারা। শনিবার (৭ সেপ্টেম্বর)
সকাল থেকে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর অভিমুখী বাস-সিএনজি চলাচল শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক শারমিন
আক্তার।
বৈঠকে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস এবং মাইক্রোবাস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, কুষ্টিয়া জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম এবং কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌকির আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মাহবুব আলম বলেন, বৈঠকে বাসকর্মী ও সিএনজি চালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে বিরোধ প্রসঙ্গে আলাপ হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, সিএনজিগুলো শহরের আলফার মোড়ে অবস্থান করবে। এগুলো শহরের মূল প্রবেশদ্বার মজমপুরে আসবে না। শুধুমাত্র রোগী বা জরুরী পণ্য বহনকারী সিএনজিগুলো শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এই চুক্তিতে পৌঁছানোর পর উভয় পক্ষ স্বাভাবিক যানবাহন চলাচল পুনরায় শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলার
ভেড়ামারা উপজেলায় সিএনজি চালকদের সঙ্গে বাস শ্রমিকদের মারামারির পর বুধবার প্রথমদফা ধর্মঘট ডাকা হয়। সেটি নিরসন হয়ে বৃহস্পতিবার বাস চলে। পরে
শুক্রবার সকালে, কুষ্টিয়া জেলার বাস, মিনিবাস এবং মাইক্রোবাস মালিক ও কর্মীরা জেলার
সব রুটে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বণিক বার্তাকে জানান,
শান্তিপূর্ণভাবে সমস্যা মেটানো হয়েছে।
তিনি প্রত্যাশা করেন কোনো পক্ষের
মধ্যেই আর নতুন করে বিরোধ সৃষ্টি হবে না।