ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২৩) এবং উপজেলার চাটিতলার বাসিন্দা আবুল হাশেম (৭২)।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আল রায়হান পাটোয়ারী তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত ট্রলিচালক বসন্তপুর গ্রামের আবদুস সোবহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম নিহত হন। তিনি ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে পৌরসভার চাটিতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল রায়হান পাটোয়ারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন হাসপাতালে আসার আগেই মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।