চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুরের সদর উপজেলা ও হাজীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ও অপরজন বাসের ধাক্কায় মারা গেছেন। আজ রোববার এ দুই দুর্ঘটনা ঘটে।

এদিন সকাল পৌনে ৮টার দিকে হাজীগঞ্জে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোড়াগড় কাজী বাড়ির সামনে বোগদাদ ও আইদি পরিবহনের বাসের সংঘর্ষে বিল্লাল হোসেন (৫৫) নামে এক নাইটগার্ড নিহত হন। বিল্লাল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মুরাগাঁও গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। তিনি হাজীগঞ্জ ডক্টরস সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফেরার উদ্দেশে আইদি পরিবহনের বাসে ওঠার চেষ্টা করছিলেন বিল্লাল হেসেন। তবে বাসটি না থেমে সামনের দিকে এগিয়ে গেলে পেছন থেকে আসা বোগদাদ পরিবহনের আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত আইদি ও বোগদাদ পরিবহনের বাস দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে চাঁদপুরের সদর উপজেলার গাছতলা এলাকায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জোহা নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজ্জিল নামে আরেক কিশোর আহত হয়েছেন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন জোহা। আর সাজ্জিল পেছনে বসেছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোহা ও সাজ্জিল দুজনেরই বাড়ি সদর উপজেলার গাছতলা এলাকায়।

আরও