বিএনপি নেতাদের গত ১৩ বছরে ১৩ মিনিটের জন্য আন্দোলন করতে দেখেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আজ সরকার পতন আন্দোলনের ডাক দিচ্ছে। ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে নাকি বিজয় মিছিল করবে, খোমেনী স্টাইলে। তারেক রহমানকে নাকি বিপ্লবের কাঁধে ভর করে ঢাকায় নিয়ে আসবে।
আজ সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে নয় আসলে হারানো হাওয়া ভবন পেতে আন্দোলন চলছে। বিএনপি নেতৃত্বের রিমোট কন্ট্রোল তারেক রহমানের হাতে। আন্দোলনের নেতা টেমস নদীর তীরে বসে ডাক দেবে আন্দোলন হবে। বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না। এ অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ২১ আগস্ট আর জেলহত্যার খুনিদের বিরুদ্ধে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করা যায় না।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন -আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ও আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি। প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখন- প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সালাম গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি ও আলহাজ মো. সাঈদ খোকন। এছাড়াও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ত আতাউর রহমান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ত হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।