খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।
উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।
তিনি বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সিহাব শেখ প্রাণে বেঁচে গেছেন। সিহাব শেখের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামে।
নিহতরা হলেন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাদের দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। রুবিয়ার বাড়ি কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র বলেন, সিহাব শেখ মোটরসাইকেলে স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, মায়মুনা ও রুবিয়া নিহত হয়।
আবির সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।